ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আসাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুল হক, কে. এম. রাকিবুল বারি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গিয়াস উদ্দিন এবং মাহমুদা-আসাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বেপারী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কিরন বলেন, “আসাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এই সাফল্য শুধু প্রতিষ্ঠানের নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই সততা, পরিশ্রম ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে।” অভিভাবকদের উদ্দেশ্যে তিনি সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানা অফিসার ইনচার্জ মোফাজ্জল হোসাইন, সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, যুবদল সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

