শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের আলোচিত আমিরুল, আকিজ, আছাদুল্লাহ গালিব ও সফি মোড়ল হত্যা মামলার আসামী দুর্ধর্ষ রবিউল জোয়ার্দার (৪৫)কে আটক করেছে র্যাব।
২৪ এপ্রিল (শুক্রবার) প্রযুক্তির সহায়তায় র্যাব-৬ এর বিশেষ টিমের সদস্যরা পলাতক অবস্থায় খুলনা থেকে তাকে আটক করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে রাতেই রবিউলকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামের ওয়াজেদ জোয়ার্দারের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা, অস্ত্র উদ্ধারসহ নানা অভিযোগে অন্তত দুই ডজন মামলা রয়েছে। সম্প্রতি চাঁদাবাজির অভিযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান, হত্যা মামলার সাক্ষীদের হুমকি দেওয়ার পাশাপাশি তাদের বাড়িঘরে হামলার ঘটনায় এবং সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়।
হত্যাকাণ্ডসহ পূর্বের সব মামলায় জামিনে থাকলেও সর্বশেষ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। র্যাব সদস্যরা থানায় হস্তান্তরের পর রবিউলকে শনিবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

