Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিঝুম দ্বীপে সন্ত্রাসী হামলার শিকার বিএনপি নেতা আনোয়ার মেম্বার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার।

পরে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজার এলাকায় ভুক্তভোগীর বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছেলে জামসেদসহ প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ইব্রাহিম পার্টির নির্দেশে তার ভাই আবুল হোসেন, খায়ের পার্টি ও তার ভাতিজা ইলিয়াস মাঝিসহ ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনোয়ার মেম্বারের ওপর পরিকল্পিত ভাবে হামলা চালায়।

রাত ১০টার দিকে নামার বাজারে তাদের মেশিনারিজ পার্টসের দোকান বন্ধ করে বাড়ির দরজায় পৌঁছালে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ সময় তার সাথে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

জামসেদ বলেন, চিৎকার শুনে দ্রুত বাসা থেকে বের হয়ে তিনি দেখেন একদল অস্ত্রধারী তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করছে। বাবাকে উদ্ধার করতে গিয়ে তিনিও আহত হন। তিনি অভিযোগ করেন, বাধা দিতে গেলে অন্যদের ওপরও হামলা চালানো হয়।

এ ঘটনায় ইব্রাহিম পার্টির আত্মীয়-স্বজনসহ আরিফ, এনায়েত, মিরাজ মাঝি ও আবুল কাশেম (রাসেল) সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।

ইব্রাহিম পার্টির বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ এনে জামসেদ আরও বলেন, বিগত সরকারের পতনের আগে তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পরে নিজেদের বিএনপি পরিচয়ে খাল-নদী দখল ও চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।এসব বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হাতিয়া আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মাহবুবের রহমান শামীমকে অবহিত করার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার বিষয়ে নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন বনিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আনোয়ার মেম্বারকে আহত অবস্থায় উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, আবুল হোসেন, খায়ের পার্টি ও ইলিয়াস মাঝিসহ একটি গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম পার্টি জানান, তিনি এ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, আনোয়ার মেম্বারের ওপর হামলার বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।