নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন পলাতক রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া আক্তার ওই এলাকার বিভাটেক চালক মোহাম্মদ সুজনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীর সঙ্গে তার বিরোধ ও ঝগড়া হতো। ঘটনার দিন দিবাগত রাত ১২টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক সুজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

