দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৯ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রোববার ভোর ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ কান্দিরপাড় এলাকায় জামালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার করে।
একইদিন ভোর ৪টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজীপুর বর্ডারপাড়া মাঠে কাজীপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩১ হাজার পিস চকলেট বাজি উদ্ধার করে।
অপরদিকে শনিবার রাত ১১টায় একই ব্যাটালিয়নের প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গড়–রা মাজপাড়া এলাকায় প্রাগপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়াও শনিবার রাত ১০টার দিকে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠ এলাকায় বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৫৩ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গামাক্সিন পাউডার এবং ১২ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে।
একইদিন সন্ধ্যায় কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজীপুর বর্ডারপাড়া মাঠে কাজীপুর বিওপির টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৭০ কেজি পিয়াজ এবং ১০০ কেজি ডেপ সার উদ্ধার করে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ৮ লক্ষ ৮৯ হাজার ৮৭৫ টাকা বলে জানাগেছে।
পরবর্তীতে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক ষ্টোরে জমা এবং চোরাচালানী পণ্য কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্ম‚লে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

