জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুকুরে ডুবে রুহি (আড়াই বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আক্কেলপুর পৌর শহরের বিহারপুর পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহি ওই গ্রামের রাকিবুল ইসলাম রাজের একমাত্র কন্যা সন্তান। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা বাড়ির সামনের কাজে ব্যস্ত ছিলেন এবং রুহি পাশেই খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়।
রুহির দাদু জানান, বাড়িতে এসে নাতনিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে গিয়ে রুহিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

