শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
গোপালগঞ্জের বেদগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে দুইজন চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বাসিন্দা হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজন ও স্বজনরা। বড়বাড়িয়া ইউনিয়নের বাদামতলা ও ঘোলা গ্রামে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) বেলা পৌনে ১২টার দিকে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।
নিহতদের মধ্যে মেহেদি হাসান (শহিদ) ও শায়োন ঢালী চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা ও বাদামতলা গ্রামের বাসিন্দা।
নিহত শায়োন ঢালীর চাচা উত্তম ঢালী জানান, তাঁর ভাতিজা শায়োন ঢালী ও বন্ধু মেহেদি হাসান (শহিদ) গোপালগঞ্জের কদমবাড়ী পাগলের মেলায় মোটরসাইকেলে করে যাওয়ার পথে বেদগ্রাম এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন। এ সময় আরও তিনজন মারা যান।
বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. কামরুজ্জামান স্বাধীন ফকির বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহত দুইজনের মরদেহ সন্ধ্যায় বাড়িতে আনা হয়েছে। রাত ৯টার দিকে শায়োন ঢালীকে দাফন করা হয়েছে। এছাড়া মেহেদি হাসান (শহিদ)-এর জানাজা এশার নামাজের পর ঘোলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয়েছে।”

