আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় এক কৃষকের ধানখেতে পানি সেচ দেওয়ার দুটি পাম্প আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চার হেক্টর জমির ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক আরকান মোল্যা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের দরুণা ফসলের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ভুক্তভোগী আরকান মোল্যা (৪৫) উপজেলার জাটিগ্রাম দক্ষিণপাড়া এলাকার সিরাজুল হক সুরাপ মোল্যার ছেলে। চলতি মৌসুমে দরুণা মাঠে তাঁর চার হেক্টর জমিতে ধানের আবাদ চলছে। জমিতে সেচ দেওয়ার জন্য প্রায় ৭০০ ফুট দূরত্বে দুটি স্যালো মেশিন স্থাপন করেছিলেন তিনি।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে জমিতে সেচ দিতে গিয়ে একটি পাম্প পোড়া অবস্থায় দেখতে পান আরকান মোল্যা। পরে মাঠের অন্য প্রান্তে গিয়ে দ্বিতীয় পাম্পটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দেখতে পান।
আরকান মোল্যা বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি নিশ্চিত নন। তবে শত্রুতার জেরে কেউ এ কাজ করে থাকতে পারে বলে তাঁর ধারণা। সেচ দিতে না পারলে চার হেক্টর জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন জানিয়ে তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, সেচপাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

