এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ দবিরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। ঈদুল আজহার দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (৩০ মে) বিকেল ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে শহীদ আকবর আলী কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কালমেঘ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান।
জানাজা শেষে উপজেলার বড়বাড়ী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় প্যারোলে মুক্তি পেয়ে তার ছেলে মাজহারুল ইসলাম সুজন জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেন।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।
দবিরুল ইসলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং পরবর্তীতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-২ আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।

