আবদুল জলিল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে শিকলবাঁধা অবস্থায় উদ্ধার করা মরদেহটি কাজিপুর উপজেলার প্রতিবন্ধী বেলাল হোসেনের (৩৫) বলে শনাক্ত করেছে তার পরিবার। বেলাল হোসেন কাজিপুর উপজেলার হাটগাছা গ্রামের মৃত রহিছ উদ্দিনের ছেলে।
চৌহালী নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) সকালে উপজেলার জোতপাড়া নৌকা ঘাটসংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে শিকলে হাত-পা বাঁধা একটি মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রবীর ভট্টাচার্য জানান, উদ্ধারকৃত মরদেহের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, পরিচয় শনাক্ত ও ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বেলাল হোসেনের স্বজনরা মরদেহ গ্রহণ করেন।
এদিকে হাটগাছা গ্রামের সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান জানান, গত ৩০ মে সকালে বেলাল হোসেন নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। মঙ্গলবার সকালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

