কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পর্যটনকেন্দ্র কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইয়েদুল আবেদিন বরগুনা জেলার তালতলী উপজেলার বন্দর এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন এবং প্রায় ২০ দিন ধরে স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে কুয়াকাটার পাঞ্জুপাড়ায় শাহেদ শিকদারের মালিকানাধীন একটি সেমি-পাকা বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে বুধবার রাত সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। ঘটনার দিন সন্ধ্যায় সাইয়েদুল বাসায় এসে স্ত্রীকে মারধর ও গালাগাল করেন বলে অভিযোগ রয়েছে। পরে রাতের খাবার খাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে আবারও পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে তিনি স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও দরজা না খোলায় এবং ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্ত্রী ও প্রতিবেশীরা দরজায় ধাক্কাধাক্কি করেন। পরে বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সাইয়েদুল আবেদিনকে উদ্ধার করে। পরে তাকে কুয়াকাটা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

