পিরোজপুর প্রতিনিধি
প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে পিরোজপুরে জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালিমা খাতুন মহিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আব্দুল হালিম এবং জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী।
সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, আলেম-ওলামা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে ইমামদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. তরিকুল ইসলাম।

