Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় জামায়াতের ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ৪, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ পাখির ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যানকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবুল কালাম আজাদ পাখি অভিযোগ করেন, দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি পরিষদের বারান্দায় জ্বালানি কাঠ রাখছিলেন। বিষয়টি জানতে চাইলে তারা কোনো সদুত্তর না দিয়ে চলে যান। পরে তিনি নিজ কক্ষে ফিরে গেলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামানসহ কয়েকজন তার কক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন।

তার দাবি, হামলায় তার চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নলদী ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের সামনে একজন ব্যক্তি জ্বালানি কাঠ এনে বারান্দায় রাখছিলেন। চেয়ারম্যান সরকারি অফিসের বারান্দায় কাঠ না রেখে অন্যত্র রাখার অনুরোধ করেন। এর কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি এসে চেয়ারম্যানকে হুমকি-ধামকি দেন এবং পরে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান। তিনি বলেন, “আমি তাকে মারধর করিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের রান্নার জন্য স্থানীয় লোকজন জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। চেয়ারম্যানের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।”

নড়াইল আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী জানান, আবুল কালাম আজাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।