কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বাল্যবিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেছেন, পুত্রসন্তানের মতো কন্যাসন্তানদেরও সমান যত্ন নিতে হবে। শিক্ষা, খেলাধুলা ও চাকরিসহ সব ক্ষেত্রে মেয়েরা ছেলেদের পাশাপাশি এগিয়ে যাচ্ছে। তাই শিশুদের বাল্যবিয়ে রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এস এম জিলানী বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে কোনো ছাড় দেওয়া হবে না। কোথাও বাল্যবিয়ের খবর পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ সামাজিক ব্যাধি নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। কন্যাশিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের শিক্ষা ও বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
এর আগে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য এস এম জিলানী।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আরডিএ হলরুমে আয়োজিত পৃথক আলোচনা সভায় যোগ দেন তিনি। সেখানে এস এম জিলানী বলেন, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। দুর্গাপূজায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

