রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমা সুমাইয়া যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব মিজৌরি-কলাম্বিয়া (University of Missouri-Columbia)-তে পূর্ণ অর্থায়নে (Fully Funded) পিএইচডি করার সুযোগ পেয়েছেন।
তিনি বিশ্ববিদ্যালয়টির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Graduate Research Assistant) হিসেবে যোগ দেবেন। এর মাধ্যমে তিনি টিউশন ফি সম্পূর্ণ মওকুফের পাশাপাশি মাসিক গবেষণা বৃত্তি (স্টাইপেন্ড) পাবেন। ফলে তাঁর পড়াশোনা ও জীবনযাত্রার ব্যয় বিশ্ববিদ্যালয় থেকেই বহন করা হবে।
রুয়েট ম্যাটারিয়ালস ক্লাব ও বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সালমার এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইউনিভার্সিটি অব মিজৌরি-কলাম্বিয়া যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ (AAU)-এর সদস্য, যেখানে দেশটির শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং স্কুলও যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এছাড়া টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে এর অবস্থান ১২৪তম।
সালমা সুমাইয়ার এই অর্জনকে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং রুয়েটের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মেধা, পরিশ্রম ও গবেষণার প্রতি একাগ্রতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করা সম্ভব—সালমার সাফল্য সেই বার্তাই নতুন করে তুলে ধরেছে।
তাঁর এ অর্জনে রুয়েট ক্যাম্পাসে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা তাঁর ভবিষ্যৎ গবেষণা ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করেছেন।

