Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ফিল্মি স্টাইলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
জুন ৮, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৫৫) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের মৃত মনছের আলীর ছেলে। ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক কাজিপুর উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করে আরও দুই ব্যবসায়ীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাজরাহাটি বাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা গরু বিক্রির টাকা এবং সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীর টাকা মিলিয়ে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা মোটরসাইকেলযোগে চরভানুডাঙ্গা সড়কের দিকে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ও রাজ্জাকের সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক হাজরাহাটি বাজারের এক ব্যবসায়ী বলেন, “আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক মোটরসাইকেল থামিয়ে একজনকে সিএনজি থেকে নামিয়ে মারধর ও কোপাতে শুরু করে। ভয়ে আমরা দোকানের আড়ালে চলে যাই। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

এ ঘটনায় আহত ব্যবসায়ীর সঙ্গে থাকা রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কাজিপুর থানায় মামলা দায়ের করেছেন।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।