রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে হলের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনের অভিযোগে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় কক্ষ থেকে কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিক বলেন, “বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, শিক্ষাঙ্গনে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

