মো.মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালকিনি পৌরসভার হাসপাতাল রোডস্থ ওয়ালটন প্লাজা কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ওয়ালটন প্লাজার দেশব্যাপী একযোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে কালকিনি শাখায় এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। ওয়ালটন প্লাজা কালকিনি শাখার ম্যানেজার মো. হাফিজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডা. খন্দকার মশিউর রহমান (এমবিবিএস, আল্ট্রা)। তিনি আগত রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও সেবা প্রদান করেন।
সকাল থেকেই ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে বিভিন্ন বয়সী মানুষ ক্যাম্পে অংশ নেন। রোগীদের রোগ নির্ণয়ের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
ওয়ালটন প্লাজার কালকিনি শাখার ম্যানেজার মো. হাফিজুল ইসলাম বলেন, “ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়ালটন প্লাজা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা। তারা এ ধরনের উদ্যোগকে জনকল্যাণমূলক উল্লেখ করে ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

