ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে অবস্থিত হাজী আলী আকবর মার্কেটের তাফরিহা টেইলার্স-এর মালিক দেলোয়ার হোসেনের কাছে কয়েকদিন আগে কিশোর গ্যাং সদস্য শান্ত একটি পুরাতন প্যান্ট সেলাইয়ের জন্য দেন। পূর্বের কিছু বকেয়া টাকা পরিশোধ না করায় প্যান্টটি সেলাই করা হয়নি বলে জানালে শান্ত ক্ষুব্ধ হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, গত ২১ জুন শান্তর নেতৃত্বে আকরাম, জিসান, ইমাম ও ফাহিমসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য দোকানে ঢুকে কর্মচারী রাহদুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে। পরে দোকান মালিক দেলোয়ার হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি মো. শান্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

