বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চাচার ঘর থেকে আপন মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর শহরের নামাপাড়া এলাকার টিএন্ডটি রোডের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আপন মিয়া নামাপাড়া টিএন্ডটি রোড এলাকার ফকির আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে আপন মিয়া তার চাচা ইসমাইল হোসেনের ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় ধরে তিনি বাইরে না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করলে তারা ফ্যানের সঙ্গে আপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

