বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে জমির শ্রেণি পরিবর্তন এবং সড়কের ক্ষতিসাধনের অভিযোগে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। আদালত অভিযুক্ত দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বাসিন্দা মো. রাকিব ও মো. নাজমুল কয়েকদিন ধরে পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছিলেন। এতে জমির শ্রেণি পরিবর্তনের পাশাপাশি সংলগ্ন সড়কেরও ক্ষতি হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত দুই অভিযুক্তকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “জনস্বার্থে অবৈধ মাটি উত্তোলন, ফসলি জমির শ্রেণি পরিবর্তন এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

