Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ বন্ধে বেলার আইনি নোটিশ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় সুগন্ধা নদীর তীরে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী টায়ার ও প্লাস্টিক পাইরোলাইসিস কারখানা ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ ৭ দিনের মধ্যে বন্ধের দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

গত ২৫ জুন বেলার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস. হাসানুল বান্না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বরিশালের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট ১০ জন কর্মকর্তার কাছে ‘নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস’ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩-এর শর্ত লঙ্ঘন করে ঘনবসতিপূর্ণ এলাকায় এবং সুগন্ধা নদীর তীরে কারখানাটি পরিচালিত হচ্ছে। এছাড়া অনুমোদনের অতিরিক্ত রিয়্যাক্টর ব্যবহার, বিষাক্ত ব্ল্যাক কার্বন নিঃসরণ, রাসায়নিক বর্জ্য নদীতে ফেলা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগও আনা হয়েছে।

এর আগে কারখানার কালো ধোঁয়া ও পরিবেশ দূষণের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়ে কারখানাটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, কারখানার দূষণের কারণে এলাকায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ বাড়ছে এবং কৃষিজমির উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নোটিশে ৭ দিনের মধ্যে কারখানাটির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে বর্তমান স্থান থেকে অপসারণ এবং পরিবেশের ক্ষয়ক্ষতির জন্য মালিকপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।