নোয়াখালী প্রতিনিধি
ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক প্রবাসী, তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে একই এলাকার এক প্রবাসী এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত বা গ্রেপ্তার করেনি।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৪৫), তার স্ত্রী মমতাজ বেগম আরজু এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১০ সালে কামাল উদ্দিন বাবুল জীবিকার সন্ধানে ইতালি যান। সেখানে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। শুক্রবার (স্থানীয় সময়) রাত ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিও এলাকার একটি অ্যাপার্টমেন্টে কয়েকজন দুর্বৃত্ত তাদের বাসায় ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এ সময় বাসায় ফিরে ছেলে আমির হোসেন অয়ন ঘটনাটি দেখে ফেললে দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুল, তার স্ত্রী ও কন্যাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অয়ন বর্তমানে ইতালির জেমেলি পলিক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের বাবা সিরাজ আলম দাবি করেন, পূর্ববিরোধের জেরে একই এলাকার ইতালি প্রবাসী শাহাদাত নামের এক ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ অভিযোগের বিষয়ে এখনো ইতালির পুলিশ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এবং কাউকে গ্রেপ্তারের তথ্যও জানায়নি।

