Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপির স্ত্রীসহ দুই নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলী মুয়াদ শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, সরকার কর্তৃক দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও গোপনে সংগঠিত হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ২০২৫ সালের ২০ জুলাই পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা করেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ মে সরকার বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরও ২৩ জুন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিলন বাজার এলাকায় সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার খামারবাড়িতে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ২৬ জুন ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের দাবি, ওই অনুষ্ঠানে কাজী মৌসুমীর নেতৃত্বে ১১০ থেকে ১২০ জন নেতা-কর্মী অংশ নেন। সেখানে কেক কাটা, স্লোগান, খাবার বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের মাধ্যমে নেতা-কর্মীদের উসকানি দেওয়া হয় এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছিল।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, মামলার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং জামিনযোগ্য হওয়া সত্ত্বেও আসামিদের জামিন দেওয়া হয়নি।

অন্যদিকে, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, আদালত আইন ও উপস্থাপিত তথ্য-উপাত্তের ভিত্তিতে আদেশ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।