বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দুর্যোগকালীন প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম বিষয়ে স্বেচ্ছাসেবকদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে ‘সিজোনাল রেডিনেস ইনিশিয়েটিভস ফর ফ্লাড ইন মেরুরচর, সাধুরপাড়া অ্যান্ড বগারচর ইউনিয়নস অব বকশীগঞ্জ উপজেলা অফ জামালপুর ডিস্ট্রিক্ট’ প্রকল্পের আওতায় ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে বকশীগঞ্জ উপজেলার দুর্যোগপ্রবণ তিনটি ইউনিয়ন—মেরুরচর, সাধুরপাড়া ও বগারচরের ছয়টি ব্যাচে মোট ১৫০ জন দুর্যোগ স্বেচ্ছাসেবক অংশ নেন। এতে দুর্যোগে আগাম প্রস্তুতি, সতর্কতামূলক ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কুদ্দুস এবং ফায়ার ফাইটার মো. কবির।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক নাসির উদ্দিন, এইচএসিই (HACE) অফিসার নাঈম সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর মিজানুর রহমান, মোছাম্মৎ শারমিন আক্তার, মো. নজরুল ইসলাম, মোছাম্মৎ ববিতা, মো. কামরুল হোসেন রিয়াদ এবং মোছাম্মৎ আফরোজা বেগম।
আয়োজকরা জানান, ইউনিয়ন পর্যায়েও দুর্যোগ বিষয়ে আগাম সতর্কীকরণ ও প্রস্তুতিমূলক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ধরনের উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

