গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ইসমাইল ঘরামী বাবু (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী তাতবোর্ড এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল বাবু বরিশালের কালকিনি উপজেলার মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, যাত্রীবাহী একটি বাস, একটি পিকআপ ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল ঘরামী বাবুকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) এবং তাপস (৩০)। তাদের অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে একই দিন সকালে মহাসড়কের আশোকাঠী প্রশিকা অফিসের সামনে পৃথক একটি দুর্ঘটনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

