Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে খাস জমিতে বালু ভরাট, দখলচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বাকেরগঞ্জ(বরিশাল) প্রতিনিধি 
জুন ৩০, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ(বরিশাল) প্রতিনিধি 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের তোহা বাজারের সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে রাতে বালু ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজীর বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থেই সেখানে বালু ফেলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তোহা বাজার এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে বালু ভরাট করা হয়। সোমবার (২৯ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের আঁধারে ওই জমিতে বালু ফেলা হয়েছে। তাদের অভিযোগ, জমিটি দখলের উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের দাবি, ওই জমি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি বন্দোবস্তের মাধ্যমে কামাল সিকদার, মোতালেব জমাদ্দার, জাকির হাওলাদার, রানু বেগম ও দিপু সাহাসহ কয়েকজনের নামে বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে ২০২২ সালে সরকার ওই বন্দোবস্তের ডিসিআর স্থগিত করলেও বর্তমানে বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তিরাই জমিটি ভোগদখলে রয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী বলেন, “বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে সেখানে বালু ভরাট করা হয়েছে। সরকারের কাছে আবেদন করা হয়েছে সরকারি অর্থায়নে একটি চারতলা মার্কেট ভবন নির্মাণের জন্য। ওই জমিতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ বা দখলের ইচ্ছা নেই।”

এ বিষয়ে সরকারি অনুমোদন রয়েছে কি না জানতে মঙ্গলবার (৩০ জুন) বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের কার্যালয়ে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি পৌরসভায় একটি জরুরি সভায় রয়েছেন। পরে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। ফলে উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।