ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তার চাল দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, দুর্যোগের সময়ে কোনো মানুষ যেন খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যে সরকার মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। উপজেলার প্রকৃত অসহায় মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন সবসময় প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকবে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা সুবিধাভোগীদের হাতে ৩০ কেজি করে চালের বস্তা তুলে দেন। সুশৃঙ্খলভাবে ১ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সরকারি এ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

