বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পানির ট্যাংকে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর নিজ বাড়িতে পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

