আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাব্বির খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের মিরাজ খানের ছেলে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায় সাব্বির। অনেক খোঁজাখুঁজির পর প্রায় এক ঘণ্টা পরে বাড়ির পাশের একটি ডোবায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, শিশুটির মৃত্যুর বিষয়ে প্রাথমিক তদন্তে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।

