গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর উপজেলার আশোকাঠী এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে গৌরনদী উপজেলা মুসল্লীগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও গৌরনদীতে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মুসল্লিদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ইসলামিক শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, গণপাঠাগার এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কিন্তু নির্মাণকাজ বন্ধ থাকায় এলাকার মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, সাবেক ছাত্রদল নেতা এনামুল হক, আবু সাঈদ, নুর আলমসহ স্থানীয় ব্যক্তিরা। তারা দ্রুত সরকারের অধিগ্রহণ করা জমিতে মডেল মসজিদের নির্মাণকাজ পুনরায় শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তবে কী কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে, সে বিষয়ে মানববন্ধনে বক্তারা সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি।
এ বিষয়ে মসজিদের নির্মাণকাজের ঠিকাদার টিপু সুলতান বলেন, বরিশাল গণপূর্ত বিভাগ থেকে তাকে মৌখিকভাবে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তাই তিনি নির্মাণকাজ স্থগিত রেখেছেন। তিনি জানান, প্রকল্পের প্রায় ৩০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এ পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকার বিল গ্রহণ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

