নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুটি বেসরকারি হাসপাতালে যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫ দিনের জন্য তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তিনটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাবিলা হাসপাতাল পরিদর্শনে পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট, প্রয়োজনীয় সংখ্যক নার্স ও লেবার রুম না থাকায় মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হলি কেয়ার হাসপাতালে লেবার রুম ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় একই আইনে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালসংলগ্ন একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ অ্যানেস্থেসিয়া ওষুধ সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, “অভিযানে হাসপাতাল দুটির বিভিন্ন অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। শনাক্ত হওয়া ত্রুটি সংশোধন এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত উভয় হাসপাতালের কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, তিন মাস আগেও একই ধরনের অনিয়মের কারণে হাসপাতাল দুটিকে জরিমানা করা হয়েছিল। ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হলেও তারা তা করেনি। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসান খায়ের চৌধুরী, বেগমগঞ্জ মডেল থানার এএসআই খুরশীদসহ পুলিশের একটি দল অংশ নেয়।

