নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ নিজ জমিতে কৃষিকাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার রাত থেকে বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশের নিজ জমিতে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল জানান, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় প্রশাসন কৃষকদের বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার এবং আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছে।

