মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) শ্রমিক নিয়োগের বাছাই প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদেরের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আবেদনকারী নারীরা।
রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে লটারি প্রক্রিয়া বাতিল করে পুনরায় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাছাইয়ের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন আবেদনকারী আলতা বানু, মৌসুমী আক্তার, নাসিমা বেগম, পিয়ারজান বিবি ও সুচনা রানী।
আলতা বানু অভিযোগ করেন, লটারি অনুষ্ঠানের বিষয়ে আবেদনকারীদের ব্যক্তিগতভাবে অবহিত করা হয়নি। তাদের অনুপস্থিতিতেই লটারি সম্পন্ন করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি আরও অভিযোগ করেন, টাকা দিতে না পারায় তার নাম লটারিতে অন্তর্ভুক্ত করা হয়নি।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, উপজেলা এলজিইডি কার্যালয় থেকে তাকে ফোন করে জানানো হয়েছিল যে লটারিতে তার নাম উঠেছে। কিন্তু পরে অফিসের নোটিশ বোর্ডে প্রকাশিত চূড়ান্ত তালিকায় তার নাম পাওয়া যায়নি। তার অভিযোগ, অর্থ দিতে না পারায় তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।
নাসিমা বেগম অভিযোগ করেন, অর্থের বিনিময়ে উপজেলা প্রকৌশলী তার পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দিয়েছেন। তিনি আরও বলেন, লটারির সময় স্থানীয় জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি ছিল না।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, দৈনিক মজুরিভিত্তিক এলসিএস শ্রমিক হিসেবে নিয়োগের জন্য ১৩৭ জন নারী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৫৪টি আবেদন বৈধ ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জনকে নির্বাচিত করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল কাদের। তিনি বলেন, অফিসের নোটিশ বোর্ডে প্রকাশিত তারিখ ও সময় অনুযায়ী যথাযথ নিয়মে লটারির কার্যক্রম সম্পন্ন হয়েছে। অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগের কোনো সত্যতা নেই।

