নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার পাহাড়পুর গ্রামে নিজ শয়নঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে এ ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা মর্গে পাঠায়। প্রাথমিকভাবে বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত আস্তল মন্ডলের ছেলে লোকমান মন্ডল (৫২) ও তার স্ত্রী দেলোয়ারা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, লোকমান মন্ডল দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার ভোর প্রায় ৩টার দিকে তাদের ছেলে, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোক্তার হোসেন, ঘরে গিয়ে বাবা-মাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

