মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার পানিবন্দি ২৫০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করেছে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মৈনম ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প ও আদর্শ পল্লী এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। আকস্মিক এই সহায়তা পেয়ে পানিবন্দি পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শহিদুল ইসলামের পিতা মোবারক মণ্ডল, ডার্মা ফার্মাসিউটিক্যালসের প্ল্যান্ট ম্যানেজার মো. নজরুল ইসলাম, এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার তারেক আজিজ, ইঞ্জিনিয়ার হাসান আলী, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

