চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলায় ১৪টি ইয়াবাসহ মিনারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মিনারুল ইসলাম উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার একটি দল চকলক্ষ্মীপুর এলাকায় মিনারুল ইসলামের দোকানে অভিযান চালায়। এ সময় একটি চকলেটের জারের ভেতর থেকে ১৪টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দলীয় পদে থেকে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকা শৃঙ্খলাবিরোধী। এলাকার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এলাকায় ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মিনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

