Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে মোবাইল কোর্ট: ৭০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় দেশীয় মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শুটকি গাছ ও রসুলপুর রাবার ড্রাম এলাকায় আত্রাই নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযানে নদী থেকে অবৈধভাবে পেতে রাখা একটি নিষিদ্ধ বের জাল ও ১২টি রিং জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে শুটকি গাছা এলাকায় আত্রাই নদীতে অবৈধভাবে স্থাপিত সোতি জালের বাঁশ ও কাঠের অবকাঠামো ভেঙে অপসারণ করা হয়। ধ্বংস করা জাল ও অবকাঠামোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।

ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, আত্রাই নদী এ অঞ্চলের মানুষের জীবিকা ও দেশীয় মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ উৎস। কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল ব্যবহার এবং সোতি জালের অবকাঠামো নির্মাণ করে নদীর স্বাভাবিক প্রবাহ ও মাছের প্রজনন ব্যাহত করছে। নদী ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, নিষিদ্ধ বের জাল ও রিং জাল ব্যবহার মৎস্য আইনের পরিপন্থী। এসব জাল মাছের পোনা ধ্বংস করে এবং নদীর পরিবেশের ক্ষতি করে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।