Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়িয়ে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে: আইজিপি

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের নতুন প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমানে সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ মোকাবিলায় দক্ষতার কোনো বিকল্প নেই। নতুন প্রযুক্তিতে পারদর্শী হওয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে জ্ঞান অর্জন করে প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখতে হবে।

তিনি আরও বলেন, সব ধরনের ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে বাংলাদেশ পুলিশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

তিনি ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের জন্য নবীন কর্মকর্তাদের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে আইজিপি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস) শুভ কুমার ঘোষ।

বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীরা হলেন— শাহরিয়ার হাসান সিজান (বেস্ট ক্যাডেট), সাইফুল ইসলাম (বেস্ট একাডেমিক), তৌকির আহমেদ (বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ), আশরাফুল ইসলাম (বেস্ট সুইমার) এবং কামরান শেখ (বেস্ট শুটার)।

সমাপনী কুচকাওয়াজে চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি সফল আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, মৌলিক প্রশিক্ষণ শেষে ৫০০ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টরকে দুই বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।