আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আরপাঙ্গাশিয়া গ্রামের পশুর বুনিয়া খালের স্লুইস গেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসেন জানান, ট্রলারে যাতায়াতকারী কয়েকজন যাত্রী খালে একটি প্লাস্টিকের বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে স্থানীয় চৌকিদার রিয়াজ হোসেনকে খবর দেন। পরে তিনি থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। প্রায় এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

