নড়াইল প্রতিনিধি
সিলেটের হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মশাল মিছিলটি জেলা এনসিপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুর রহমান ও সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।
বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তারা রাজনৈতিক কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালনে সকল দলের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।
মশাল মিছিল ও সমাবেশে জেলা এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।

