যশোর প্রতিনিধি
যশোর শহরের দড়াটানা এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধারালো চাকুসহ আটক হয়েছেন হাসিব (২২) নামে এক যুবক। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে ভৈরব পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হাসিব বেজপাড়া তালতলা এলাকার ইলিয়াসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিব ও তার এক সহযোগী ভৈরব পার্কের পাশে নোয়াখালীর এক মাঠা বিক্রেতার গলায় চাকু ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দুই যুবককে ধাওয়া করেন।
ধাওয়া খেয়ে হাসিব পালানোর চেষ্টা করে ভৈরব নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় যুবকরা তাকে নদী থেকে তুলে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। তবে তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী তানভীর ইসলাম বলেন, “পালানোর উদ্দেশ্যে সে চাকুসহ নদীতে ঝাঁপ দেয়। পরে আমরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।”
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কার জানান, ছিনতাইয়ের চেষ্টা চলাকালে স্থানীয়রা বাধা দিলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিবকে চাকুসহ হেফাজতে নেয়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, আটক হাসিব থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

