Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে খাল পুনঃখনন শেষে ৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসিত ইউএনও সাথী দাস

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দের পুরো অর্থ ব্যয় করার প্রচলিত প্রবণতার বিপরীতে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করে সব ব্যয় মিটিয়েও উদ্বৃত্ত ৯ লাখ ৯৭৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের অনন্য নজির স্থাপন করেছেন।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির আওতায় গোয়ালন্দ উপজেলার উজানচর হাবিল মণ্ডলপাড়া এবং গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়-সংলগ্ন দুটি খালের পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হয়েছে।

প্রায় তিন মাস ধরে পরিচালিত এ প্রকল্পে মোট ২ দশমিক ৬১ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়। প্রকল্প দুটির জন্য মোট বরাদ্দ ছিল ৪৮ লাখ ৭৫ হাজার ৬২ টাকা। কাজ সম্পন্ন হওয়ার পর সব ব্যয় নির্বাহ করে উদ্বৃত্ত ৯ লাখ ৯৭৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

প্রকল্পের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি নিয়মিত প্রকল্পের অগ্রগতি তদারকি করেন। এছাড়া জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের গুণগত মান ও বাস্তবায়ন প্রক্রিয়ার প্রশংসা করেন।

উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, প্রকল্পটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। শ্রমিকদের মজুরি থেকে শুরু করে সব ধরনের বিল যথাযথ নিয়মে পরিশোধ করা হয়েছে। ইউএনও সাথী দাস নিয়মিত মাঠে উপস্থিত থেকে কাজের তদারকি করেছেন।

এ বিষয়ে ইউএনও সাথী দাস বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল উন্নয়ন কাজের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিত করা। সরকারি অর্থের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কাজ শেষে যে অর্থ উদ্বৃত্ত ছিল, তা বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। শুরু থেকেই কাজের মান নিশ্চিত করা এবং অর্থের অপব্যবহার ও ভুয়া বিল-ভাউচার প্রতিরোধে কঠোর নজরদারি রাখা হয়েছিল। প্রয়োজনের অতিরিক্ত এক টাকাও ব্যয় না করে উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।