স্টাফ রিপোর্টার, নড়াইল
আসন্ন মতুয়া মহাসম্মেলনকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের লোহাগড়া পৌর শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিও গঠন করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির চত্বরে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
লোহাগড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি খোকন কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মতুয়া রত্ন ও সাবেক জনতা ব্যাংকের কর্মকর্তা বলদেব বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসীম পাল এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতুয়া রত্ন তমাল কৃষ্ণ কুন্ডু।
এ সময় আরও বক্তব্য দেন লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপি নেতা সৈয়দ আবদুস সবুর এবং কমল কৃষ্ণ বালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশির বিশ্বাস।
সভায় সর্বসম্মতিক্রমে হরিগুরুচাঁদ মতুয়া মিশন লোহাগড়া পৌর শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মতুয়া কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অসিম বিশ্বাস এবং অর্থ সম্পাদক নলীনীকান্ত বিশ্বাস।
সভায় জানানো হয়, আগামী ৮ আগস্ট শ্রীধাম ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত সভায় লোহাগড়া উপজেলা ও পৌর শাখার প্রায় পাঁচ শতাধিক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।

