নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে চোলাই মদ উৎপাদন ও বিক্রির আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে পুলিশ। এ সময় চোলাই মদের ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার দিবর গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, দিবর ইউনিয়নের দিবর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ জেলা পুলিশের কাছে আসে। অভিযোগের সত্যতা যাচাই শেষে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী ঘটনাস্থলেই জব্দকৃত উপকরণ ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি দিবর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় চোলাই মদ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ মাদক উৎপাদন ও বেচাকেনা বন্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

