রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৫ ও ১৫ আগস্টকে কেন্দ্র করে তিনটি ব্যানার টানানো হয়েছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
সম্প্রতি তোলা ছবিতে দেখা যায়, ভবনটির সামনে পাশাপাশি তিনটি ব্যানার টানানো রয়েছে। এর মধ্যে দুটি ব্যানারে ৫ আগস্টকে ‘গণতন্ত্র ও ছাত্র-জনতা পুলিশ হত্যা দিবস’ এবং ১৫ আগস্টকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যানার দুটির নিচে নুরজ্জামান মিয়া সোহেল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজবাড়ী জেলা শাখার নাম উল্লেখ রয়েছে।
অপর একটি ব্যানারে ‘শ্রদ্ধাঞ্জলি’ ও ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ উল্লেখ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ওই ব্যানারে শেখ সোহেল রানা টিপুর নাম উল্লেখ করা হয়েছে। সেখানে তাকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
ব্যানারে আরও লেখা রয়েছে, ‘স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত শহীদদের ৫১তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর মধ্যেই সেখানে এসব ব্যানার টানানো হয়, যা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
তবে কারা, কখন এবং কী উদ্দেশ্যে ব্যানারগুলো টানিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি।

