মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে শনিবার (১ আগস্ট) শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিশুর পরিবার।
ভুক্তভোগী আখি আক্তার (৯) উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা এলাকার বাগে নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই মাদ্রাসার শিক্ষক সাফায়েত হুজুর পড়া না পারার অজুহাতে আখিকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। এ সময় বিষয়টি পরিবারের কাউকে জানালে আরও মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভয়ে শিশুটি প্রথমে ঘটনাটি গোপন রাখে।
পরে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলে পরিবারের দাবি।
শিশুটির বাবা মো. আলমগীর খাঁন বলেন, ঘটনার বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক তোফাজ্জল হুজুরকে জানালে তিনি বিষয়টি মীমাংসা করার কথা বলেন। তবে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয়দের পরামর্শে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৩১ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

