আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে ১০ টন চাল বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
শনিবার (১ আগস্ট) আলীকদম উপজেলা রেস্ট হাউস মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। বিশেষ অতিথি ছিলেন আলীকদম সদর ইউনিয়নের প্রশাসক মো. সোহেল রানা এবং ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন।
ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। সাম্প্রতিক টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সংকট লাঘবে এ সহায়তা প্রদান করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, এর আগে প্রথম ধাপে উপজেলার ৬০০ পরিবারের মাঝে ১৫ টন চাল বিতরণ করা হয়েছিল। দ্বিতীয় ধাপের ১০ টন চাল বিতরণের মাধ্যমে দুই ধাপে মোট ১ হাজার পরিবারের মধ্যে ২৫ টন চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম রিমন বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

