নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গুণগত মানসনদ ছাড়াই ফোর্টিফাইড সয়াবিন তেল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া মিষ্টি ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গাজীপুর কার্যালয়ের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার উলুখোলা ও হারনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার উলুখোলার কেটুন এলাকায় অবস্থিত এ আর ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি ল্যাবরেটরি পরীক্ষায় উত্তীর্ণ না করিয়ে এবং বিএসটিআইয়ের সিএম (গুণগত মান) সনদ ছাড়াই ফোর্টিফাইড সয়াবিন তেল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করছিল। একই সঙ্গে পণ্যটিতে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে, হারনা বাজার এলাকার পূর্বাচল মুসলিম সুইটস নামের প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট ও ঘি উৎপাদন, বিতরণ এবং মোড়কজাত করছিল। এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। এ সময় বিএসটিআই গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান এবং ফিল্ড অফিসার মো. পারভেজ মিয়া ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

