Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বান্দরবানে পর্যটকের ভিড়

Link Copied!

মো. শাফায়েত হোসেন, বান্দরবান প্রতিনিধি 

প্রাকৃতিক সৌন্দর্য আর মেঘ-পাহাড়ের মিতালী দেখতে ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বান্দরবানের দর্শনীয় স্থানগুলো। নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, চিম্বুকসহ জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসু মানুষের ভিড় দেখা গেছে।

শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি জুলাই ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকায় টানা ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপস্থিতি বেড়েছে। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মেঘলা, নীলাচল, চিম্বুক ও প্রান্তিক লেক—এই চারটি প্রধান পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়। ফলে বুধবার এসব পর্যটনকেন্দ্রে কোনো প্রবেশ ফি নেওয়া হয়নি।

টানা ছুটির সুযোগে স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করেন। নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক, নীলগিরি ও চিম্বুকের পাশাপাশি রুমার বগালেক, কেওক্রাডং, রোয়াংছড়ির দেবতাখুম, থানচির নাফাখুম, আমিয়াখুম, রেমাক্রি, তিন্দু, তমাতুঙ্গী, বড় পাথর এবং আলীকদমের ডিম পাহাড়েও পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তবে পর্যটকদের উপস্থিতি বাড়লেও এবার জেলার হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্টহাউসগুলোতে আশানুরূপ রুম বুকিং হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বান্দরবানে বেড়াতে আসা পর্যটক সোহাগ, আরমান ও নাছির বলেন, “বান্দরবান যারা দেখেননি, তারা বাংলাদেশের সৌন্দর্যের অনেকটাই দেখেননি। পাহাড়ের সৌন্দর্য উপভোগের জন্য বান্দরবান অনন্য। এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। মনের প্রশান্তির জন্য ছুটি পেলেই পাহাড়ে ছুটে আসি।”

তারা আরও বলেন, বর্ষাকালে পাহাড়ে ভ্রমণের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। যেসব এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে, সেসব স্থান এড়িয়ে চলা উচিত। নদী বা দুর্গম পাহাড়ি পথে যাওয়ার আগে প্রশাসনের অনুমোদিত গাইড ও স্থানীয়দের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

পর্যটকদের মতে, পাহাড়ি ঝরনা, আঁকাবাঁকা গিরিপথ, নানা প্রজাতির পশুপাখি এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য বান্দরবানকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উঁচু নীলাচল এবং প্রায় আড়াই হাজার ফুট উচ্চতার নীলগিরি যেন হাজারো পাহাড়ের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রকৃতির অনন্য সৃষ্টি।

তাদের মতে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত কিংবা বসন্ত—ছয় ঋতুতেই বান্দরবানের প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। একবার যারা বান্দরবানের সৌন্দর্য দেখেন, প্রকৃতির টানে তাদের বারবার এখানে ফিরে আসতে ইচ্ছে করে।

এদিকে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা জানান, ছুটিতে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে পর্যটকরা বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। বর্তমানে কোথাও ভ্রমণ নিষেধাজ্ঞা বা নিরাপত্তাজনিত সমস্যা না থাকায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণ করছেন।

ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি পর্যটনকেন্দ্রে বিশেষ নজরদারি ও তথ্যসেবা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। তবে পর্যটকদের প্রশাসনের নির্ধারিত ও অনুমোদিত পর্যটন রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।